নতুন উড়োজাহাজ সংযোজনের সুযোগ আছে
বললেন বিমানমন্ত্রী
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বর্তমানে বাংলাদেশ বিমান একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, এই ধারা আরও সুসংহত করতে এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে বহরে নতুন উড়োজাহাজ সংযোজনসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেবল ফ্লাইট পরিচালনা করেই ক্ষান্ত নয়, বরং দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা দেওয়ার মাধ্যমেও বড় অঙ্কের রাজস্ব আয় করছে। সার্বিকভাবে বিমান এখন একটি লাভজনক প্রতিষ্ঠান। তবে, প্রতিষ্ঠানটিকে পুরোপুরি আন্তর্জাতিক মানে উন্নীতের জন্য এর অপারেশনাল কার্যক্রম ও ব্যবস্থাপনায় আরও আধুনিকায়নের সুযোগ রয়েছে। তিনি বলেন, বিমানের বর্তমান সংকটগুলোর মধ্যে প্রধান হলো, উড়োজাহাজের স্বল্পতা। এই সমস্যা সমাধানে সরকার কাজ করছে। বিমানের ‘নেটওয়ার্ক ও ফ্লিট প্ল্যান’ অনুযায়ী নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চলমান। পাশাপাশি পুরাতন উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে বহর থেকে সরিয়ে ফেলা হচ্ছে। নতুন উড়োজাহাজ আসার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে লিজ ভিত্তিতে উড়োজাহাজ সংগ্রহ করে ফ্লাইট শিডিউল ঠিক রাখার চেষ্টা চলছে।
যাত্রীসেবা নিশ্চিতে সরকার বিশেষ জোর দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এর অংশ হিসেবে অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যা টিকিট সংগ্রহে যাত্রীদের দীর্ঘদিনের হয়রানি অনেকখানি কমিয়ে এনেছে। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিং ও ফ্লাইটে সেবার মান বাড়াতে কর্মীদের আচরণগত প্রশিক্ষণ এবং নিবিড় তদারকির ব্যবস্থা করা হয়েছে।
