ফ্ল্যাট জালিয়াতির মামলা
টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণার মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আদালত নতুন করে এ শুনানির দিন আগামী ৬ মে নির্ধারণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে শুনানি শেষে এ নতুন তারিখ ধার্য করা হয়। দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলাটির চার্জগঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে বিচারিক ব্যস্ততার কারণে শুনানি পিছিয়ে ৬ মে নতুন দিন ঠিক করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ-৫ আদালতে বদলির নির্দেশ দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল ও রেজিস্ট্রি করা হয়। মামলায় পরস্পর যোগসাজশ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
মামলাটি চলতি বছরের জুলাইয়ে হাইকোর্টে রিটের মাধ্যমে কিছু সময়ের জন্য তদন্ত কার্যক্রম স্থগিত থাকলেও পরে তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।
