সংরক্ষিত নারী আসন

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুরু আজ : রিজভী

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

গতকাল বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই ফরম জমা দিয়েছেন। সে প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড শুক্রবার বিকাল ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ করবে। চলবে কাল শনিবার বিকাল ৩টা পর্যন্ত। মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

তিনি জানান, আজ শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।