রায়ের বাজারে ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রায়ের বাজারে গত বুধবার মধ্যরাতে আসাদুল হক ওরফ লম্বু আসাদুল (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, আসাদুল তার সহযোগীদের হাতে খুন হয়েছেন। মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পাঁচটি মামলা রয়েছে। আসাদুল হত্যার ঘটনায় এখনও কাউকে ধরা যায়নি।

গতকাল বৃহস্পতিবার পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার ফজলুল করিম বলেন, গত বুধবার দিবাগত রাত ১২টার পর আসাদুল তার সহযোগীদের সঙ্গে রায়ের বাজারের সাদেক খান ইটখোলা এলাকায় যান। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তার সহযোগীরাই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় দিবাগত রাত পৌনে একটার দিকে আসাদুলকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ বলছে, আসাদুলের পকেট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। আসাদুল মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। বাবার নাম জলিল সরদার।