হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড় রাতে উড়ছে প্রথম ফ্লাইট

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শুরু হচ্ছে হজের ফ্লাইট। গতকাল শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে হজযাত্রীদের বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। ফ্লাইট শুরুর প্রাক্কালে হজক্যাম্পে আসতে শুরু করেছেন যাত্রীরা। তাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। অন্যদিকে হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার; যা হজক্যাম্পে আগত হজযাত্রীদের সরবরাহ করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এ সব উপহার প্যাকেটজাত করা হয়েছে এবং তা উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের কাছে হস্তান্তর করা হবে।

সরেজমিনে দেখা গেছে, হজযাত্রীরা ক্যাম্পে এসে অবস্থান নেওয়া শুরু করেছেন। ইতোমধ্যেই হজক্যাম্পে যাত্রী ও স্বজনদের ভিড় বাড়তে শুরু করেছে। এ সময় কথা হয় গাইবান্ধা জেলার পলাশবাড়ীর হজযাত্রী শামসুল হকের সঙ্গে। তিনি বলেন, আজ শুক্রবার সকালে তিনি হজক্যাম্পে এসেছেন। ক্যাম্পের সুযোগ সুবিধার সন্তুষ্টি জানিয়ে বলেন, আজ শনিবার তার ফ্লাইট। সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। নোয়াখালীর সেনবাগ এলাকা থেকে আসা আরেক হজযাত্রী গোলাম মোস্তফা বলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন ভালোভাবে গিয়ে হজ সম্পন্ন করে যেন ভালোভাবে ফিরতে পারি সেই দোয়া করবেন।’ জানা যায়, হজক্যাম্পেই সব হজযাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। সেই সঙ্গে সব ধরনের নিরাপত্তা তল্লাশি। ক্যাম্পেই সব প্রক্রিয়া শেষ করে এখান থেকেই বাসে চড়ে সোজা ফ্লাইটে উঠে যাবেন।

এদিকে হজযাত্রীদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সঙ্গে পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন বলেন,যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, শাহজালালে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চলতি বছরের হজযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটির শাহজালাল ছাড়ার করার কথা রয়েছে। এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে; যার মধ্যে ছয়টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং চারটি সৌদি আরবের সৌদিয়া ও ফ্লাইনাস চারটি ফ্লাইট পরিচালনা করবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ করবেন; তাদের মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি মাধ্যম অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ করতে সৌদি যাবেন। আগামী ২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। শেষ হবে জুলাই মাসের ১ তারিখে।