রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সময়ে গুলিতে আহত হয়েছেন তার দুই বোন। গতকাল শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কুতুকছড়ি উপরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ধর্মশিং চাকমা (৩৯)। তিনি কুতুকছড়ির ৪ নম্বর ওয়ার্ডের মৃত ধনঞ্জয় চাকমার ছেলে। ইউপিডিএফের (প্রসীত) যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন ধর্মশিং। আহত দুজন হলেন ধর্মশিংয়ের দুই বোন ভাগ্যশোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫)। তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিতে হতাহতের ঘটনাটি ইউপিডিএফের (প্রসীত) সংগঠক ও মুখপাত্র অংগ্য মারমা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন। ইউপিডিএফের আরেক সংগঠক নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামলার সময় ধর্মশিং চাকমা নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। এ সময় ১৭ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি করে। তার বুকে ও কোমরে গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। গুলিতে তার দুই বোনও আহত হয়েছেন।
হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে জেএসএস। জানতে চাইলে জেএসএসের রাঙামাটি জেলা শাখার সভাপতি গঙ্গা মানিক চাকমা বলেন, ‘ওই এলাকায় আমাদের কোনো কার্যক্রম নেই। ইউপিডিএফ আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’ একই কথা বলেন জেএসএসের কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে জেএসএসের কেউ জড়িত নয়। ইউপিডিএফ পার্বত্য চুক্তি বিরোধিতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে নিজেরাই নানান প্রতিপক্ষের জন্ম দিয়েছে। এ কারণে অনেকেই ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নেমেছেন।’
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈকত আকবর বলেন, ‘ভাগ্যশোভা চাকমা ও কৃপা সোনা চাকমা নামের দুই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের দুজনের হাতে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।’ রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন সকাল ১০টার দিকে বলেন, গোলাগুলিতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।
