ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায় করত চক্রটি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

টেলিগ্রাম গ্রুপে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীদের টার্গেট করে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল করা হতো। এমন এক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মেরাজুর রহমান আরমান,বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিব। গতকাল সোমবার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ্যাল এন্ড মিডিয়া উইং শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী।

ইন্তেখাব চৌধুরী বলেন, বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমগুলোতে টেলিগ্রাম অ্যাপের অন্ধকার ও সাইবার ব্ল্যাকমেইসহ বিভিন্ন শিরোনামে একটি ঘটনা প্রচারিত হয়। এরই ধারাবাহিকতায়, সাম্প্রতিক র‌্যাবের অনুসন্ধানে একটি সু-সংগঠিত সাইবার অপরাধ চক্রের সন্ধান পাওয়া যায়। যারা বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল। এই চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং বিভিন্ন প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি এবং ভিডিও অর্থের বিনিময়ে সরবরাহ করে। তিনি বলেন, চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের লক্ষ্য করে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি/ভিডিও সংগ্রহ কিংবা শত্রুতাবশত গোপন ছবি/ভিডিও এক্সপোজ করে অর্থের বিনিময়ে সরবরাহ করে থাকে। এ চক্রের সদস্যের আইনের আওতায় আনতে র‌্যাব ফোর্সেস গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে র‌্যাব-৮ এর একটি দল গতকাল ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।