নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে ১৯ সুপারিশ ইইউ মিশনের

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনপ্রক্রিয়ায় স্বচ্ছতাণ্ডবিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন ১৯টি সুপারিশ করেছে। গণতান্ত্রিক নির্বাচনের বিষয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সংগতি রেখে এসব সুপারিশের মধ্যে ছয়টিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউইওএম) প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর মিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে ইভার্স ইজাবস বলেন, ২০০৮ সালের পর বাংলাদেশে এমন বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলো। এর মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) ওপর জনগণের আস্থা ফিরে আসছে। সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচনকালীন নিরাপত্তাব্যবস্থা যথেষ্ঠ ছিল। ফলাফল প্রাথমিক ও চূড়ান্তভাবে প্রকাশনা নিয়ে কোনো অস্বচ্ছতার অভিযোগ ছিল না। ইইউইওএমের প্রধান বলেন, প্রার্থীরা স্বচ্ছভাবে প্রচার চালাতে পেরেছেন। যেকোনো রাজনৈতিক সংকট নিয়ে সংলাপের যথেষ্ঠ সুযোগ ছিল। নির্বাচনকালীন যখনই কোনো না কোনো অভিযোগ এসেছে বা সংকট তৈরি হয়েছে, তা দ্রুত ও বিশ্বাসযোগ্যভাবে সমাধান করা হয়েছে। তবে নির্বাচনসংশ্লিষ্ট আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কাজ করতে হবে সবাইকে এমন পরামর্শ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ইভার্স ইজাবস। তিনি বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনগুলো আন্তর্জাতিক মানে করতে, আরও বিশ্বাসযোগ্য করতে তাঁরা ১৯টি সুপারিশ করেছেন। এসব সুপারিশের মধ্যে ছয়টিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইওএম) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। 

গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

জানা গেছে ,সফররত ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধিদলের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের চিফ অবজারভার ইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন- ডেপুটি অবজারভার ইনতা লাসে, সদস্য স্বান্তে টর্গনি ইংগ্রট, ইরিনি মারিয়া গুনারি ও অ্যান মার্টিনা মার্লবরো। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদি আমিন।