সুসংবাদ প্রতিদিন
বর্ষাকালীন বেগুনের ফলনে লাভবান কৃষক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বর্ষাকালীন বেগুনের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, উন্নতজাতের বীজ ও আধুনিক চাষপদ্ধতির সমন্বয়ে ভালো ফলন পাওয়ায় লাভের মুখ দেখছেন স্থানীয় কৃষকরা। তুলনামূলক কম খরচে অধিক লাভ হওয়ায় সবজি চাষে নতুন করে আগ্রহ বাড়ছে এ অঞ্চলের চাষিদের মাঝে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর বীরগঞ্জে প্রায় ৩২৫ হেক্টর জমিতে বেগুনের চাষ হয়েছে। এর মধ্যে পারপল কিং, গ্রিন বল ও চক্র (স্থানীয়ভাবে চাকা নামে পরিচিত) জাতের বেগুনের আবাদ হয়েছে সবচেয়ে বেশি।
সরেজমিন গিয়ে দেখা যায়, বীরগঞ্জ পৌরসভার মাকড়াই বেগুন চাষি বিপ্লব তার ২০ শতক জমিতে বেগুনের আবাদ করেছেন।
তিনি জানান, প্রতি ২০ শতক জমিতে ১০ থেকে ১২ মণ পর্যন্ত বেগুন উৎপাদন হচ্ছে। বর্তমানে প্রতি কেজি বেগুন পাইকারি বাজারে ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি করছেন। বিপ্লব বলেন, ২০ শতক জমিতে ২০-৫০ হাজার টাকা খরচ হলেও এ পর্যন্ত ৫০ হাজার টাকার বেগুন বিক্রি করেছি। এখনও খেতে প্রচুর ফলন আছে, আশা করছি আরও ভালো লাভ হবে। স্থানীয় আরেকজন কৃষক তোফাজ্জল হোসেন জানান, এলাকায় ব্যাপকভাবে সবজি চাষ হলেও কৃষকদের মূল সমস্যা পুঁজি। কৃষকদের মাঝে সহজশর্তে কৃষি ঋণ বিতরণ করা হলে সবজি উৎপাদনে তারা আরও বেশি উৎসাহিত হবে।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের রোগসহনশীল জাতের বীজ, সুষম সার ব্যবহার এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। বাজারদর ভালো থাকায় কৃষকরা এবার লাভবান হচ্ছেন। নিরাপদ সবজি উৎপাদনেও কৃষকদের মাঠপর্যায়ে উৎসাহ প্রদান করা হচ্ছে।
