বিএনপির রাজনীতি এখন সংস্কার নয়, ক্ষমতাকেন্দ্রিক

বললেন আখতার হোসেন

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির রাজনীতি এখন সংস্কার নয়, ক্ষমতাকেন্দ্রিক মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধান সংস্কার প্রশ্নে সরকার অনাগ্রহ দেখাচ্ছে এবং গণভোটের রায় বাস্তবায়নে উদাসীন। জাতীয় কনভেনশন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সরকার তা বাস্তবায়নে পিছিয়ে পড়েছে। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের ক্ষেত্রেও সরকারের মধ্যে অনীহা দেখা যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, সরকার দল সংবিধান সংস্কার পরিষদের ধারণাকে কখনও অসাংবিধানিক, কখনও বিভ্রান্তিকর হিসেবে উপস্থাপন করছে। অথচ সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে একটি উচ্চপর্যায়ের স্বাধীন সংস্থা প্রয়োজন বলে তিনি মত দেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করেন আখতার হোসেন। তিনি দাবি করেন, বিএনপি শুরুতে সংস্কারের বিষয়ে আপত্তি না করলেও পরে অবস্থান পরিবর্তন করেছে এবং জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করেছে। তার ভাষায়, বিএনপির রাজনীতি এখন সংস্কারের চেয়ে ক্ষমতাকেন্দ্রিক হয়ে উঠেছে।

এ সময় জ্বালানি খাতের সাম্প্রতিক সংকট নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হঠাৎ জ্বালানি সংকট, দীর্ঘ লাইনের সৃষ্টি এবং দাম বাড়ানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়াকে ‘পরিকল্পিত’ হতে পারে বলে মন্তব্য করেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ব্যাংকখাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। অল্প অর্থ ফেরত দিয়েই ঋণখেলাপিদের পুনরায় ব্যাংকের মালিকানা পাওয়ার সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে আরও দুর্নীতি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন। সবশেষে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশের বর্তমান সংকট মোকাবিলায় রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের অংশগ্রহণে একটি জাতীয় সংলাপ জরুরি।

এনসিপির উদ্যোগে একটি জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে, যেখানে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যরা।