২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। বাকি চার শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৭। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত। এর আগের দিন একদিনে সর্বোচ্চ ১৭ শিশু মারা গিয়েছিল।
ডিজিএইচএসের হিসাব অনুযায়ী হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৩ জন। একই সময়ে ২৫৯টি নতুন নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে হামে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৬ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডিজিএইচএস হামের উপসর্গ নিয়ে নতুন ১ হাজার ১৮৬ শিশুর সংক্রমণ রেকর্ড করেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে মৃত্যুর দুই ঘটনাই ঢাকা বিভাগের। উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে দুজন সিলেট এবং খুলনা ও রাজশাহী বিভাগের আছে একজন করে শিশু।
