লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে মার্কিন বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আট হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে, সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে। ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার আনুষ্ঠানিকতা চলাকালে বৃষ্টি ও লিমনের সম্মানে রেগালিয়াসহ (গাউন, ক্যাপ ও হুড) দুটি খালি চেয়ার রাখা হবে।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে বৃষ্টি ও লিমনের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।
২৭ বছর বয়সী এই দুই বাংলাদেশি তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পিএইচডি শেষ করে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার আগেই ঘটল মর্মান্তিক ঘটনা। ১৬ এপ্রিল সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের ফোন বন্ধ পেয়ে এবং কোনোভাবে যোগাযোগ করতে না পেরে পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে গত ২৪ এপ্রিল স্থানীয় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপর পুলিশ বৃষ্টির পরিবারকে ফোনে জানায়, তাকেও হত্যা করা হয়েছে। লিমনের লাশ উদ্ধারের পর ওইদিনই তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার দুটি অভিযোগ আনা হয়। এদিকে বৃষ্টির সন্ধানে তল্লাশি চলাকালে স্থানীয় একটি জলাশয় থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। পরীক্ষার পর গত ১ মে পরিবারকে জানানো হয়, ওই দেহাবশেষ বৃষ্টির। গত সোমবার লিমনের লাশ দেশে আসার পর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বুধবার দুপুর ২টায় ট্যাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা হবে। বৃহস্পতিবার তার মরদেহ ঢাকায় পাঠানো হবে। দুবাই হয়ে শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে কফিন ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে।
বৃষ্টির লাশ ঢাকায় পৌঁছাবে ৯ মে : যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৭) লাশ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে। গত মঙ্গলবার মধ্যরাতে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের (ফ্লাইট ঊক ০২২০) মাধ্যমে প্রথমে দুবাই নেওয়া হবে লাশ। এরপর সেখান থেকে ঊক ০৫৮২ ফ্লাইটে করে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে সমন্বয় করছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। গতকাল বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭ নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছে কালো আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
