সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদণ্ডসদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি। গতকাল বুধবার সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংবিধানের অনুচ্ছেদণ্ড১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে সই করেন। এ সময় ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, গত ২১ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত এই নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।

আদালত ইসিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইসি তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।