সুসংবাদ প্রতিদিন

দিনে দেড় কোটি টাকার টমেটো বিক্রি হয় গাবুরা বাজারে

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিদ্দিক হোসেন, দিনাজপুর

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় টমেটো বাজার দিনাজপুরের সদর উপজেলার গাবুরা বাজারে জমে উঠেছে টমেটো বেচাকেনা। এ বাজার থেকে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার টমেটো যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। সরকারি হিসেবে টমেটোর মৌসুমে ২ মাস চলবে এ বাজার। এ ২ মাসে শুধু গাবুরা বাজারেই প্রায় দেড়শ’ কোটি টাকার টমেটো বেচাকেনা হবে।

এবার টমেটোর দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ৯০০-১১০০ টাকা মণ (২২-২৭ টাকা কেজি) বিক্রি হচ্ছে এসব টমেটো। যা গতবার বিক্রি হয়েছিল ৩০০-৫০০ টাকা (কেজি ৭-১২ টাকা)।

জেলা শহর থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার দূরে গর্ভেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা এ বাজার এখন উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ টমেটোর পাইকারি হাট। বাজার ঘুরে দেখা যায়, নদীর তীর থেকে মাস্তান বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে পাকা সড়কের দুই পাশে, এমনকি আশপাশের বাড়ির আঙিনায়ও অস্থায়ী আড়ত বসেছে। ভোর থেকেই কৃষকরা খেত থেকে টমেটো তুলে বড় বড় খাঁচায় করে বাজারে আনছেন। পাইকাররা দরকষাকষির মাধ্যমে তা কিনে নিচ্ছেন। ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন শতাধিক পাইকার এ বাজারে ভিড় করছেন। বর্তমানে বাজারে বিভিন্ন জাতের টমেটো বিক্রি হচ্ছে আকারভেদে প্রতিমণ ৯০০-১১০০ টাকার মধ্যে। এরমধ্যে বিপুল প্লাস ও আনসাল জাতের সরবরাহ বেশি’। আড়তগুলোতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। প্রতিটি আড়তে ১০-৩০ জন শ্রমিক টমেটো বাছাই, ক্যারেটে ভরা ও ট্রাকে তোলার কাজে নিয়োজিত। প্রতিদিন এ বাজারে ৫০০-৭০০ শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে বলে জানা গেছে।

প্রতিদিন গড়ে ৬০টি ট্রাকে টমেটো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে বলে জানান সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, কখনও কখনও এ সংখ্যা ৭০-৮০ ট্রাকেও পৌঁছে। প্রতি ট্রাকে প্রায় ৫০০ ক্যারেট টমেটো বহন করা হয়। প্রতিটি ক্যারেটে গড়ে ৩০ কেজি টমেটো থাকে। সে হিসেবে প্রতিদিন প্রায় ৯ লাখ কেজি টমেটো সরবরাহ হচ্ছে।’ বর্তমান বাজারদর অনুযায়ী প্রতিকেজি টমেটোর দাম ২৫ টাকা। প্রতিদিন ২ কোটি ২৫ লাখ টাকার টমেটো বেচাকেনা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ২ মাসে মোট লেনদেনের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় দেড়শ’ কোটি টাকায়।

কৃষকরা জানান, আগে যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় উৎপাদিত টমেটো অনেক সময় মাঠেই নষ্ট হয়ে যেতো। কিন্তু এখন সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে সহজেই সরবরাহ করা সম্ভব হচ্ছে। ফলে তারা ভালো দাম পাচ্ছেন। টমেটো চাষে আগ্রহও বাড়ছে।