ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখান হলো মাসুদকে

জিজ্ঞাসাবাদের অনুমতি
জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখান হলো মাসুদকে

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। তিনদিনের রিমান্ড শেষে গতকাল বিকালে মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। প্রসিকিউটর মিজানুল ইসলাম এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পাশাপাশি একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চান। এছাড়া তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাওয়া হয়। শুনানি শেষে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। এছাড়া তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৪ মার্চ পল্টন মডেল থানার মামলায় তার পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। পরবর্তীতে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ গত ৪ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানার বিপ্লব শেখ হত্যার ঘটনায় করা মামলায় মাসুদ উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত