হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে, আর একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ৫৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৮৫টি শিশুর মৃত্যু হয়েছে, আর ৫৮টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ের। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ৭ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৩ শিশু সিলেট বিভাগের। এ ছাড়া ঢাকায় ২টি এং খুলনা বরিশালে বিভাগে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২১২, হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০টি শিশু। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২৮২টি শিশুর। এর মধ্যে সর্বোচ্চ ২০৪ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, এরপর আছে চট্টগ্রাম (৪৬)। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯১৪ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে।
