রোহিঙ্গা সংকট মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা শরণার্থীদের ক্রমবর্ধমান মানবিক ও স্বাস্থ্য সংকট মোকাবিলায় জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক “মিট দ্য প্রেস” ও আলোচনা সভায় বক্তারা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি এখন শুধু শরণার্থী সংকট নয়, বরং এটি আঞ্চলিক জনস্বাস্থ্যের জন্যও গুরুতর হুমকিতে পরিণত হচ্ছে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিব্রীয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক কর্মকর্তা ডা. সুলতানা খানম বক্তব্য দেন। তারা কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে সম্প্রতি পরিচালিত জরুরি চিকিৎসা কার্যক্রমে ১ হাজার ৪০০-এর বেশি রোগীকে সেবা প্রদানের কথা উল্লেখ করেন। বক্তারা সংক্রামক রোগের বিস্তার, অপুষ্টি এবং স্বাস্থ্যসেবার ঘাটতিকে “জৈবিক টাইম বোমা” হিসেবে অভিহিত করে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে রোহিঙ্গা তরুণদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
ফাউন্ডেশন বাংলাদেশ সরকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সমন্বিত উদ্যোগ গ্রহণ, টেকসই প্রত্যাবাসন এবং মানবাধিকার জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানায়।
