ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাবি’র সহকারী প্রক্টরের পদ ছাড়লেন মোনামি

ঢাবি’র সহকারী প্রক্টরের পদ ছাড়লেন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। গতকাল সোমবার বেলা ১১টার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামি এ তথ্য জানান।

শেহরীন আমিন ভূঁইয়া মোনামির পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)। তিনি বলেন, সকালে সহকারী প্রক্টর তাঁকে পদত্যাগপত্র কার্যালয়ে জমা দেওয়ার কথা ফোনে জানিয়েছেন। তিনি একটি সভায় রয়েছেন। তাই পদত্যাগপত্রে কী কারণ উল্লেখ করা হয়েছে, তা এখনো জানেন না বলে জানান। ফেসবুকে দেওয়া পোস্টে শেহরীন আমিন জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের আহ্বানে সহকারী প্রক্টরের দায়িত্ব নিতে সম্মত হন। তিনি জানান, একজন তরুণ শিক্ষক হিসেবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তাঁর জন্য ছিল অত্যন্ত সম্মানের।

শেহরীন আমিন ভূঁইয়া মোনামি লেখেন, ‘গত দুটি বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছি কীভাবে একজন প্রক্টরকে অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কীভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয়। সর্বোপরি কীভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়।’

জুলাই এবং জুলাই–পরবর্তী সময় আদৌ এই দেশে আর আসবে কি না, জানেন না বলে ওই পোস্টে লেখেন শেহরীন আমিন। তিনি লেখেন, ‘সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেনি, প্রবাব্লি করবেও না।’

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ পদত্যাগ করেছেন। চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানান। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পান অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত