নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে’ দগ্ধ ১২

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ১২ জন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, গতকাল বুধবার বেলা ১টার দিকে মেঘনাঘাট এলাকায় অবস্থিত ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে’ এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, ক্যান্টিনের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। তারা সবাই ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মী। ‘তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানানো যাবে।’

এ দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ২টার দিকে বিস্ফোরণে দগ্ধ ১২ জনকে তার হাসপাতালে আনা হয়। ‘তাদের ছয়জনকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।’

দগ্ধরা হলেন- মো. রমিজুল (৪৫), মো. মনির হোসেন (৪৫), বদরুল হায়দার (৫০), তুহিন শেখ (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গণি (৩০), আলামিন (৩০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), শঙ্কর (২৫), কাওসার (৩০) ও মো. আমির (২৫)। তাদের মধ্যে আমিরের শরীরের ৮০ শতাংশ, কাওসারের ৫৯ শতাংশ, শঙ্করের ৪৬ শতাংশ, নাজমুলের ১৩ শতাংশ, আল আমিনের ২২ শতাংশ, সুপ্রভাতের ১২ শতাংশ, সাইফুলের ৪ শতাংশ, ওসমানের ৩ শতাংশ, তুহিন ও বদরুলের ৫ শতাংশ, রমিজুলের ৩ শতাংশ এবং মনিরের ২ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ডা. শাওন বিন রহমান।

ঘটনার সময় কর্মীরা ক্যান্টিনে দুপুরের খাবার গ্রহণ করছিলেন বলে প্রাথমিক তথ্যের বরাতে জানিয়েছেন ওসি গোলাম সারোয়ার।