গাজীপুরে রেললাইনে টিকটক করতে গিয়ে দুইজনের মৃত্যু
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ কাইয়ুম আলী জানিয়েছেন।
নিহতরা হলেন- নেত্রকোণার বারহাট্টা থানাধীন পাটুকিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আশিকুল (১৬) এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার রামমধুপুর এলাকার মো. নোমানের ছেলে মো. নাঈম (১৭)। নাঈম পশ্চিম ধীরাশ্রম এলাকায় খালার বাড়ি থেকে জিকে উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতেন। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয়দের বরাতে এসআই কাইয়ুম আলী বলেন, দুই যুবক রেললাইনের ওপর টিকটক ভিডিও করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
