অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসব ফ্ল্যাট থেকে শতাধিক সিম কার্ড, ল্যাপটপ, স্মার্টফোন, জিএসএম গেটওয়ে জব্দ করেছে ডিবি। তাদের বিরুদ্ধে অনলাইন জুয়া ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গত বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এম এ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিনজি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩), মো. কাউসার হোসেন (২৪), মো. আবদুল করিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার বিজ্ঞাপন ও ডিপোজিট বোনাসের প্রলোভনের তথ্য পাওয়া যায়। একাধিক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ লেনদেনের বিষয়ও শনাক্ত হয়। এসব ওয়েবসাইটে অল্প সময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল।
উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে কাউসার, করিম ও রোকনকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে একই দিন সকালে তুরাগ থানার রূপায়ণ হাউজিং এস্টেট এলাকায় অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬৪-পোর্ট বিশিষ্ট তিনটি জিএসএম, জিপিআরএস সিম মডিউল (ভিওআইপি জিএসএম গেটওয়ে) মেশিন, ৮-পোর্টের একটি ও ২৫৬-পোর্টের একটি জিএসএম মডিউল মেশিন উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা, বিদেশি নাগরিকদের পাসপোর্ট ও এনআইডি এবং একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়েছে। শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত। চক্রটি নিজেদের জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি কোটি কোটি টাকা বিদেশে, বিশেষ করে চীনে পাচার করছিল। এই ব্যক্তিদের রমনা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বনানীতে দুই বিদেশি পিস্তলসহ মাদক কারবারি গ্রেপ্তার : রাজধানীর বনানী এলাকায় দুইটি বিদেশি পিস্তল ও একটি গুলিভর্তি ম্যাগজিনসহ মো. জাহিদুল ইসলাম নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাতে পুরাতন ব্র?্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
তারিকুজ্জামান বলেন, বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে ১১৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এসময় বাসার মালিক ও স্থানীয় লোকজনের সহায়তায় দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, ৯৬ হাজার ৩২০ টাকাসহ মো. জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতার আসামি বনানী-মহাখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি। রাজধানীর ফার্মগেট এলাকায় যুবদল নেতাকে গুলি করে হত্যার সঙ্গে তিনি জড়িত বলে তথ্য রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ এই কর্মকর্তা।
