শক্তিশালী ক্যামেরায় স্মার্টফোন
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের নতুন সংস্করণ ‘এক্সপেরিয়া ১ ভিআইআইআই’ উন্মোচন করেছে। ফটোগ্রাফি প্রেমীদের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এআই প্রযুক্তি এবং বিশাল আকৃতির ক্যামেরা সেন্সর। নতুন এই স্মার্টফোনের সবচেয়ে বড় চমক হলো ‘এক্সপেরিয়া ইন্টেলিজেন্স’ চালিত নতুন এআই ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট। সনি জানিয়েছে, এই স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ছবি তোলার সময় স্বয়ংক্রিয়ভাবে দৃশ্য, বিষয়বস্তু এবং আবহাওয়ার পরিস্থিতি বুঝতে পারে। সেই অনুযায়ী এটি লেন্সের ব্যবহার, কালার টোন এবং বোকেহ ইফেক্ট পরিবর্তনের পরামর্শ দেয়, যা ব্যবহারকারী মাত্র এক ট্যাপেই প্রয়োগ করতে পারবেন।
ক্যামেরা হার্ডওয়্যারের ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে সনি। ফোনটির টেলিফটো ক্যামেরায় ১/১.৫৬ ইঞ্চির একটি বিশাল ইমেজ সেন্সর যুক্ত করা হয়েছে, যা আগের মডেলের তুলনায় প্রায় চারগুণ বড়। বিশাল এই সেন্সর এবং র মাল্টি-ফ্রেম প্রসেসিং প্রযুক্তির কারণে ঘুটঘুটে অন্ধকারেও ফোনটি অত্যন্ত স্বচ্ছ ও নিখুঁত ছবি তুলতে সক্ষম। এছাড়া ফোনের পেছনের ক্যামেরার সজ্জায় পরিবর্তন এনে লম্বালম্বি আইল্যান্ডের পরিবর্তে বর্গাকার নকশা ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। ৬.৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লের পাশাপাশি আধুনিক স্মার্টফোনগুলোতে বিরল হয়ে যাওয়া ৩.৫ মিমি অডিও জ্যাকটিও সনি এই মডেলে বহাল রেখেছে। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে ১,৪৯৯ ইউরো এবং ১৬ জিবি র্যামের ১ টিবি ভেরিয়েন্টটি পাওয়া যাবে ১,৯৯৯ ইউরোতে। এখন ইউরোপে এর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং জুন মাসে গ্রাহকদের হাতে এটি পৌঁছাবে। প্রি-অর্ডারের সঙ্গে গ্রাহকরা সনির ডব্লিউএইচ-১০০০এক্সএম৬ হেডফোনটি উপহার হিসেবে পাবেন।
