ইসলামপন্থি দলগুলোর নীতিগত অবস্থান পরিষ্কারের আহ্বান টিআইবির

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় চর্চার অধিকার এবং সহাবস্থান বিষয়ে জামায়াতসহ অন?্যান?্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনের নীতিগত অবস্থান পরিষ্কার করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গতকাল শনিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই নির্লজ্জ ও কাপুরুষোচিত আক্রমণ অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের পরিপন্থি শক্তির উত্থান ও দেশব্যাপী বহু মত, বহুধর্মী, সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর সহিংস ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা।

তিনি আরও বলেন, এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। বরং সুপরিকল্পিতভাবে বিদ্বেষ ও হিংসা ছড়িয়ে আবহমান বাঙালির উদারনৈতিক লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় চর্চার ক্ষেত্র ও মাধ?্যমসমূহ ধ্বংস করে সাম্প্রদায়িক শক্তিকে বিকশিত করার সুদূরপ্রসারী ছকের অংশ, যা মুক্তচিন্তা ও সহিষ্ণু আচরণের ধারক ও বাহক তথা দেশবাসীর জন্য অশনিসংকেত। টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনা ও অভিষ্টের ধারক শক্তি হিসেবে বিপুল জনসমর্থনে নির্বাচিত বর্তমান বিএনপি সরকার। সামাজিক বৈচিত্র্যের সহাবস্থান পরিপন্থি এ ধ্বংসাত্মক অপতৎপরতা প্রতিরোধের দায়িত্ব সরকারের।

তিনি আরও বলেন, আমরা শাহ আলী মাজারের ওপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুষ্ঠু ও নির্মোহ তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এর আগের সহিংস ঘটনাগুলোর ক্ষেত্রে ন্যায়বিচারের ন্যূনতম দৃষ্টান্ত যদি থাকতো, তাহলে শাহ আলীর মাজারের ঘটনা এড়ানো যেত বলে বিশ্বাস করি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ শুধু প্রত্যাখ্যান যথেষ্ট নয়, বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনার পাশাপাশি এদেশের চিরায়ত সাংস্কৃতিক, আধ?্যাত্মিক ও সামাজিক বৈচিত্র্যের সহাবস্থানের যে গৌরবোজ্জ্বল সংস্কৃতি রয়েছে, এ ব্যাপারে তাদের ও ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই। একইসঙ্গে তাদের দল ও অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে এ ষড়যন্ত্রমূলক অপরাধের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাদের কার্যকরভাবে নিবৃত্ত করার কর্মকৌশল অবলম্বনের জোর দাবি জানাচ্ছি। এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে বসবাসকারী সব জাতি-ধর্ম-বর্ণ, বিশ্বাস ও চর্চার অনুসারী প্রত্যেকের তার নিজস্ব বিশ্বাস, ধর্ম ও সংস্কৃতি লালন এবং চর্চার অধিকার সংবিধান স্বীকৃত। যার নিশ্চয়তার দায়িত্ব সরকারের পাশাপাশি সংসদে প্রতিনিধিত্বকারী ও সংসদের বাইরে সব রাজনৈতিক দল ও সংগঠনের। এক্ষেত্রে সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে টিআইবি।