কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিতে আটক ২৩

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক। জিসানুল হক বলেন, ধানমন্ডি ৩২ নম্বর, ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সোবহানবাগ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতা-কর্মীরা আছেন।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা বড় ধরনের ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে এলাকায় টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মিছিলের মাধ্যমে আজ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনাও ছিল বলে জানিয়েছেন জিসানুল হক।