বজ্রপাতের সময় এসি ঝুঁকিপূর্ণ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

প্রচণ্ড গরমের কারণে অনেকেই সারাক্ষণ এসি চালু রাখছেন। এমনকি ঝড়-বৃষ্টি বা বজ্রপাতের সময়ও অনেকে এসি বন্ধ করেন না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের পরিস্থিতিতে অসাবধানতা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাদের মতে, বজ্রপাত হলে বিদ্যুৎ লাইনে হঠাৎ করে উচ্চ ভোল্টেজ বা পাওয়ার সার্জ তৈরি হতে পারে। সেই অতিরিক্ত চাপ এসির সার্কিটে পৌঁছালে যন্ত্রের ভেতরের অংশ, বিশেষ করে ইনভার্টার এসির ইলেকট্রনিক বোর্ড, নষ্ট হয়ে যেতে পারে।

অনেকে শুধু রিমোট দিয়ে এসি বন্ধ করলেই নিরাপদ মনে করেন, কিন্তু বাস্তবে এতে পুরো সুরক্ষা পাওয়া যায় না।

কারণ বিদ্যুৎ সংযোগ চালু থাকলে লাইনের মাধ্যমে বজ্রপাতের প্রভাব যন্ত্রে পৌঁছানোর ঝুঁকি থাকে। তাই ঝড়-বৃষ্টির সময় এসি বন্ধ করে দেয়ালের সুইচ অফ করা এবং সম্ভব হলে প্লাগ খুলে রাখা সবচেয়ে নিরাপদ বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। এছাড়া এসির আউটডোর ইউনিট খোলা জায়গায় থাকলে বৃষ্টির পানি ও আর্দ্রতার কারণে সমস্যা দেখা দিতে পারে। তাই এটি নিরাপদ ও ঢেকে রাখা জায়গায় স্থাপন করা উচিত।

বিশেষজ্ঞরা আরও জানান, বজ্রপাতের সময় শুধু এসি নয়, টিভি, ওয়াই-ফাই রাউটার ও ডেস্কটপ কম্পিউটারের মতো অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে সতর্ক থাকা জরুরি, কারণ সামান্য অসতর্কতাও বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে।