১৫ ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজী
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজী। গতকাল রোববার রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছেছেন। একই সময়ে সৌদি আরবে বাংলাদেশি হাজীদের মধ্যে ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৩০০ জন হাজীকে দেশে নিয়ে এসেছে।
এ পর্যন্ত মোট ১৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে তিনটি, সৌদি এয়ারলাইন্স চারটি এবং ফ্লাইনাস আটটি ফ্লাইট। অন্যদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জন মারা গেছেন।
এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ১৭৬ জন হাজী চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৬ জন হাজী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হজ বুলেটিনে আরও জানানো হয়, শনিবার (৩০ মে) বিকাল সাড়ে ৪টায় মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজীদের নির্বিঘ্নে দেশে ফেরা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয়, আবাসন ব্যবস্থা এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে, ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
