বেনাপোল সীমান্তে ৮-১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, সতর্ক বিজিবি

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে বিএসএফ কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বলে বিজিবি জানিয়েছে। বিজিবি বলছে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্ত এলাকায় ৮ থেকে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, “রাতভর সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার ছিল। বিজিবির সতর্ক অবস্থানের কারণে বিএসএফ সাদিপুর খড়ের মাঠ এলাকায় সীমান্ত পিলার ১৯/এস-৬ এর কাছে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে পাঠাতে পারেনি। বর্তমানে তাদের শূন্যরেখায় রাখা হয়েছে।” তিনি বলেন, “বিএসএফ যেকোনো স্থান দিয়ে পুশইনের চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরাও সতর্ক রয়েছি। কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না।” এদিকে পুশইনের আশঙ্কায় যশোর জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল খান বলেন, “বিএসএফের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা ৮ থেকে ১০ জন নারী-পুরুষ ও শিশু বর্তমানে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকার ভারত-বাংলাদেশ শূন্যরেখায় অবস্থান করছে।

“বিষয়টি সমাধানে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া সমস্যা নিরসনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।”