নরসিংদী জেলা হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাসস
নরসিংদী জেলা হাসপাতালটিকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিতসেবা কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়। এর ফলে শয্যা সংখ্যার পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তি ও চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং বৃহৎ জনগোষ্ঠী আরও বিস্তৃত ও উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২-এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ থেকে জারি করা এক চিঠিতে সম্প্রতি এ অনুমোদনের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বিদ্যমান বিধি-বিধান, আর্থিক নীতিমালা ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার শর্তে এ অনুমোদন দেওয়া হয়েছে। ১৮ মে ২০২৬ তারিখে স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখার একটি প্রস্তাবের আলোকে অর্থ বিভাগ এ সিদ্ধান্ত গ্রহণ করে।
অর্থ বিভাগ জানায়, শয্যা বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট সকল কার্যক্রম প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুসরণ করে বাস্তবায়ন করতে হবে। চিঠিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নরসিংদী জেলা হাসপাতালের শয্যা সংখ্যা ১০০ থেকে বৃদ্ধি করে ২৫০ করা হবে। একই সঙ্গে বর্ধিত শয্যার বিপরীতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনারও অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে হাসপাতালে রোগী ভর্তি, চিকিৎসা, জরুরিসেবা এবং বিভিন্ন বিশেষায়িত স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সম্প্রসারিত করা সম্ভব হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি সরকারের স্বাস্থ্যসেবা সম্প্রসারণ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। শয্যা সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে জেলা পর্যায়েই অধিকসংখ্যক রোগী উন্নত চিকিৎসা সেবা পাবেন। এতে রাজধানীকেন্দ্রিক হাসপাতালগুলোর ওপর চাপও কমবে।
স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তারা জানান, শয্যা বৃদ্ধির ফলে হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগী ভর্তি সক্ষমতা বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী জনবল ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা বৃদ্ধির বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। এ সিদ্ধান্তকে নরসিংদী জেলার স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, হাসপাতালের সম্প্রসারিত সেবা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জেলার সাধারণ মানুষ আরও সহজে ও উন্নতমানের চিকিৎসাসেবা লাভ করতে পারবেন।
