কভারে টাকা রাখা ক্ষতিকর

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

বর্তমানে মানিব্যাগ বা পার্সের বিকল্প হিসেবে অনেকে স্মার্টফোনের ব্যাক কভারের ভেতরে টাকা বা কার্ড রাখার অভ্যাস গড়ে তুলেছেন। এটি আপাতদৃষ্টিতে সুবিধাজনক মনে হলেও, বিশেষজ্ঞরা একে ফোনের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছেন। স্মার্টফোনের ব্যাক কভারে টাকা বা কার্ড রাখার ফলে যে সমস্যাগুলো হতে পারে তা এই প্রতিবেদনে উল্লেখ করা হলো-

স্মার্টফোন ব্যবহারের সময় প্রসেসরের কারণে স্বাভাবিকভাবেই কিছুটা তাপ উৎপন্ন হয়। বিশেষ করে ভিডিও দেখা, গেমিং বা দীর্ঘক্ষণ গান শোনার সময় ফোন গরম হয়ে ওঠে। ফোনে ব্যাক কভার লাগানো থাকলে তাপ বের হওয়ার পথ এমনিতেই সংকীর্ণ থাকে, তার ওপর ব্যাক কভারের ভেতর টাকা বা কাগজ রাখলে তাপ আরও আটকে যায়। ফলে ফোন অস্বাভাবিক গরম হয়ে ওঠে, যা দীর্ঘমেয়াদে ফোনের যন্ত্রাংশ নষ্ট করতে পারে এবং চরম পর্যায়ে বিস্ফোরণের ঝুঁকিও তৈরি করে।

স্মার্টফোনের অ্যান্টেনা সাধারণত ডিভাইসের ওপরের দিকে থাকে। ব্যাক কভারে টাকা বা কার্ড রাখলে সিগন্যাল আদান-প্রদানে বাধা সৃষ্টি হয়। বিশেষ করে ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো চিপ ও সেন্সরযুক্ত কার্ড থাকলে তা নেটওয়ার্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, যা ফোনের সামগ্রিক পারফরম্যান্স কমিয়ে দেয়।

ফোনের পেছনের অংশে অতিরিক্ত চাপ এবং তাপ জমে থাকার ফলে ডিভাইসের ইন্টারনাল হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হয়। নিয়মিত এই অভ্যাস বজায় রাখলে স্মার্টফোনের আয়ু দ্রুত কমে যায় এবং ঘনঘন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

স্মার্টফোনের সুরক্ষা এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে ব্যাক কভারে টাকা বা কার্ড না রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থ বা কার্ড রাখার জন্য আলাদা ওয়ালেট বা কার্ড হোল্ডার ব্যবহার করা শ্রেয়। আর ফোন যদি ব্যবহারের সময় অতিরিক্ত গরম হয়ে যায়, তবে অবিলম্বে ব্যাক কভার খুলে ফেলা উচিত। প্রয়োজনে ইন্টারনেট বন্ধ রাখতে হবে এবং ফোন ঠান্ডা না হওয়া পর্যন্ত স্যুইচ অফ করে রাখা ভালো। স্মার্টফোনের সঠিক যত্ন ও সচেতন ব্যবহারই পারে ডিভাইসকে দীর্ঘসময় সচল রাখতে এবং অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে।