মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আশায় বুক বাঁধছেন প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন দু’দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছাবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে আশায় বুক বাঁধছেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গন্তব্য মালয়েশিয়া। আগামী ২১ জুন দুই দিনের সফরে কুয়ালালামপুরে পা রাখবেন তিনি। সরকারপ্রধানের রাষ্ট্রীয় এই সফর ঘিরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। দেশটির প্রধান প্রধান শহরগুলোতে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা। প্রধানমন্ত্রীকে বরণে ব্যস্ত সময় পারছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে এই সফর হবে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ।

রাজনৈতিক দৃষ্টিকোণ ছাড়াও শ্রমবাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সফর কার্যকর ভূমিকা রাখবে। আগমনের অপেক্ষায় প্রহর গুনছেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের উন্নয়ন, প্রবাসীদের নানাবিধ সমস্যার সমাধান এবং দুই দেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।