বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ আজ রায়
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। আজ বুধবার মামলার রায় ঘোষণা করবেন আদালত। ঘটনার মাত্র চার সপ্তাহের মধ্যে, অর্থাৎ ২৮ দিনের মাথায় মামলাটির রায় হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদণ্ডউল আলম চৌধুরী মারুফ জানান, উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ বুধবার রায়ের দিন ধার্য করেছেন।
তিনি আরো জানান, মামলাটিতে মাত্র তিন কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত বুধবার ৯ জন, বৃহস্পতিবার ৬ জন এবং রোববার ৩ জনসহ মোট ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এর মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণের পুরো প্রক্রিয়া শেষ হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি মনির হোসেনের বিরুদ্ধে আদালতে শিশু ধর্ষণ মামলায় ১৩ দিনের মাথায় চার্জশিটঅভিযোগপত্র দাখিল করা হয় ।
