৪ জেলায় বন্যার আভাস
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ভারি বৃষ্টিপাতের প্রভাবে উত্তরের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন শনিবার দুপুরে বলেন, ‘বৃষ্টিপাতের কারণে এই চার জেলায় নদ-নদীর পানি বেড়েছে। তাতে স্বল্পমেয়াদী অর্থাৎ কমপক্ষে তিন দিন মেয়াদে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।’
বুলেটিনে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বেড়েছে, যা আগামী তিন দিন বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টায় এসব নদ-নদীর পানি নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের শনিবারের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কেন্দ্রের তথ্য বলছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট ও খুলনা বিভাগে ভারি থেকে অতি ভারি এবং উজানে ভারতের অরুণাচল প্রদেশে ভারি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী পাঁচ দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী পাঁচ দিন বাড়তে পারে। তবে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। এর পরের দুদিন পানি বাড়তে পারে, যা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন বাড়তে পারে। সিলেট ও সুনামগঞ্জে নদী দুটির পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম ও কংস নদীর পানি সমতল কমেছে। অন্যদিকে ভুগাই নদীর পানি সমতল বেড়েছে। এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে।
এ সময়ে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তখন নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
