চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ৫ হাজার ছাড়াল

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিনিধি

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে এবং শনাক্ত রোগী বেড়ে পাঁচ হাজার ৩৯ জনে দাঁড়িয়েছে।

গতকাল সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ২১ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে একজন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যু হয়েছে তিনি মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২৪ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন চার হাজার ৬৯২ জন।