সুসংবাদ প্রতিদিন

বীরগঞ্জে পটোল চাষে লাভবান কৃষক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের কৃষক রশিদুল ইসলাম পটোল চাষ করে সফলতা পেয়েছেন। সরেজমিন দেখা যায়, মাত্র ৫০ শতক জমিতে গ্রীষ্মকালীন পটোল চাষ করে তিনি এরই মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা লাভ করেছেন, যা এলাকার অন্যান্য কৃষকদেরও সবজি চাষে উৎসাহিত করছে।

কৃষক রশিদুল ইসলাম প্রতিবেদককে জানান, চলতি মৌসুমে তিনি ৫০ শতক জমিতে দেশি জাতের পটোল চাষ করেন। জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও পরিচর্যাসহ পুরো চাষাবাদে তার প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত পরিচর্যা ও শ্রমের কারণে ভালো ফলন পেয়েছেন তিনি।

পটোল খেতের পরিচর্যায় দুইজন শ্রমিক নজরুল ইসলাম ও সামসুল হক নিয়মিত কাজ করেছেন। তাদের শ্রম ও কৃষকের আন্তরিক প্রচেষ্টার ফলে খেতে ভালো উৎপাদন হয়েছে। স্থানীয় বাজারে পটোলের চাহিদা ও ভালো দাম পাওয়ায় উৎপাদিত ফসল বিক্রি করে তিনি এরই মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা লাভ করতে সক্ষম হয়েছেন।

কৃষক হরমুজ আলী জনান, ধানসহ অন্যান্য ফসলের তুলনায় গ্রীষ্মকালীন পটোল চাষে খরচ কম হলেও লাভের সম্ভাবনা বেশি। এজন্য অনেক কৃষক এখন লাভজনক সবজি চাষের দিকে ঝুঁকছেন। বিশেষ করে পটোল চাষে সফলতার এ উদাহরণ এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, বীরগঞ্জ উপজেলায় বিভিন্ন নিরাপদ শাকসবজি আবাদ হয় যা সারা বাংলাদেশে শাকসবজি চাহিদা পূরণ করে এর মধ্য থেকে রশিদুল ইসলাম পটোল চাষে সাফল্য এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, বীরগঞ্জ উপজেলায় ১৭ হেক্টর জমিতে পটোল চাষ হয়েছে। বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। রশিদুল ইসলামের এই সাফল্য বীরগঞ্জ অঞ্চলের কৃষকদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে।

এ সাক্ষাতকারে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম বলেন সবজি চাষে কৃষকদের স্বাবলম্বী করতে সকল প্রকার পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।