ডারবানের পথে ‘বাংলার জয়যাত্রা’
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চার মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে হরমুজ প্রণালি পাড়ি দেওয়া ‘বাংলার জয়যাত্রা’ এখন দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরের পথে রয়েছে।
জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে পৌঁছানোর তিনদিন বাদে শুক্রবার সকাল ৯টায় (বাংলাদেশ সময়) ডারবানের পথ ধরে বলে জানিয়েছেন জাহাজের চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান।
তিনি গতকাল শনিবার সকালে বলেন, “আমরা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে চলছি। গত বুধবার আমরা জ্বালানি নিই। এরপর জাহাজের হাল ক্লিনিং (জাহাজের পানির নিচে থাকা অংশে জমে থাকা সামুদ্রিক শৈবাল, ঝিনুক ও অন্যান্য সামুদ্রিক জীব পরিষ্কার করা) সফলভাবে সম্পন্ন করা হয়।
যেহেতু জাহাজটি সোমালিয়া উপকূলীয় এলাকা অতিক্রম করবে, তাই ফুজাইরাহ থেকে ২৫২ নটিক্যাল মাইল অতিক্রম করার পর জাহাজে ৪ জন সশস্ত্র ‘আর্মড গার্ড’ ওঠার কথা রয়েছে। তারা অস্ত্রসহ পুরো যাত্রাপথে জাহাজের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।”
গতকাল শনিবার সকাল পৌনে ১১টায় জাহাজের অবস্থান নির্ণয়কারী ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’-এ দেখা যায়, তখন ওমান উপসাগর ও আরব সাগরের সংযোগ স্থলের কাছাকাছি ওমানের সুর বন্দরের কাছাকাছি এলাকায় ‘বাংলার জয়যাত্রা’ অবস্থান করছিল।
জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, “আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতি অনুকূলে থাকলে ১২ জুলাই আমরা দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছাব।”
জাহাজটিতে বর্তমানে ৩৭ হাজার ৫০০ টন সার আছে। এপ্রিলের প্রথম সপ্তাহে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে এসব সার বাংলার জয়যাত্রায় বোঝাই করা হয়েছিল।
কিন্তু হরমুজ প্রণালি পাড়ি দিতে না পারায় দীর্ঘদিন ধরে এসব সার নিয়েই পারস্য উপসাগরের একাধিক বন্দরে অবস্থান নিয়ে ছিল ‘বাংলার জয়যাত্রা’।
১১৫ দিন হরমুজ প্রণালিতে আটকে থাকার পর ২৩ জুন বাংলাদেশ সময় রাত ৩টার দিকে প্রণালি অতিক্রম করে ‘বাংলার জয়যাত্রা’। সেদিনই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে নোঙর করেছিল জাহাজটি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক একটি কোম্পানির অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছে। জাহাজটির ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি।
২৭ ফেব্রুয়ারি জাহাজটি দুবাই এর জেবেল আলী বন্দরে ভেড়ার পরদিনই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। এরপর তিনবার উদ্যোগ নিয়েও হরমুজ প্রণালি পাড়ি দিতে ব্যর্থ হয় জাহাজটি।
সবশেষ ২২ জুন সকালে শারজাহ বন্দরের বহির্নোঙর থেকে রওনা হয়ে পরদিন প্রণালি পার হয় জাহাজটি। হরমুজ প্রণালি থেকে মুক্ত হওয়ার পর ‘বাংলার জয়যাত্রা’র প্রথম বাণিজ্যিক গন্তব্যের পথে রয়েছে।
