প্রিপেইড মিটার আপডেট করুন
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

বিদ্যুতের নতুন মূল্যহার জুন মাস থেকে কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের জন্য মিটার আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে। সঠিকভাবে নতুন ট্যারিফ কার্যকর করতে এবং ভবিষ্যতে বিল সংক্রান্ত জটিলতা এড়াতে বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের ২০০ বা তার বেশি ডিজিটের টোকেন ব্যবহার করে মিটার হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। আপনার প্রিপেইড মিটারটি সঠিক নিয়মে আপডেট করতে নিচে দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করুন।
বিদ্যুতের প্রিপেইড মিটার আপডেট করার দুইটি সহজ উপায়-
টোকেন নম্বর ইনপুট: আপনার মিটার নম্বরে রিচার্জ করার পর যে ২০০ বা তার বেশি ডিজিটের টোকেন নম্বর দেওয়া হবে, সেটি সিকোয়েন্স বা ক্রম অনুযায়ী মিটারের কি-প্যাডে ইনপুট দিন।
হটলাইন সহায়তা: আপনি যদি টোকেন বুঝতে ব্যর্থ হন, তবে সরাসরি আপনার বিদ্যুৎ বিতরণকারী সংস্থার হটলাইন নম্বরে ফোন করে আপনার মিটার নম্বরটি জানান এবং মিটার আপডেট করার জন্য সহায়তা নিন। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে গিয়েও মিটার আপডেট করার বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে। মিটার আপডেট বা কোনো কারিগরি সমস্যায় পড়লে বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ অথবা আপনার সেবাদাতা প্রতিষ্ঠানের হটলাইনে যোগাযোগ করতে পারেন- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭।
