এসি বন্ধ করে ঘর ঠান্ডা

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

ঘণ্টার পর ঘণ্টা এসি চালানোর পরও তা বন্ধ করলেই ঘর দ্রুত গরম হয়ে যায়? অনেকেই মনে করেন এসিতে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে। অথচ ছোটখাটো কিছু ভুল ও অসচেতনতার কারণেই এমনটা ঘটে। এসির কিছু সেটিংস ঠিক রাখা এবং কিছু ঘরোয়া উপায় মেনে চললে এসি বন্ধ করার পরও ঘরে দীর্ঘক্ষণ ঠান্ডা ভাব বজায় রাখা সম্ভব। অনেক সময় দরজা বা জানালার ফাঁক দিয়ে এসি চলাকালীন ঠান্ডা বাতাস বেরিয়ে যায় এবং বাইরের গরম বাতাস ভেতরে প্রবেশ করে। এ সমস্যা এড়াতে রাবার সিল, ফোম স্ট্রিপ বা ডোর সিল ব্যবহার করে ফাঁকাগুলো পুরোপুরি বন্ধ করে রাখা জরুরি।

সরাসরি রোদ ঘরে ঢুকলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়। তাই দিনের বেলায় মোটা পর্দা, ব্ল্যাকআউট কার্টেন বা তাপ প্রতিফলিত করতে পারে এমন পর্দা ব্যবহার করলে ঘর অনেকক্ষণ ঠান্ডা থাকে। এসির ফিল্টারে ধুলাবালি জমে বাতাসের প্রবাহ কমে যায়, যা কুলিং ক্ষমতা কমিয়ে দেয়। তাই গরমের সময় প্রতি ১৫ থেকে ৩০ দিন অন্তর ফিল্টার পরিষ্কার করা আবশ্যক। বিদ্যুৎ সাশ্রয় ও ভালো কুলিংয়ের জন্য এসির তাপমাত্রা সবসময় ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত। এছাড়া এসি চলার সময় সিলিং ফ্যান কম গতিতে চালালে ঠান্ডা বাতাস ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে। এসব সতর্কতা মেনে চললে এসি বন্ধ করার পরও ঘর দীর্ঘসময় আরামদায়ক ও ঠান্ডা থাকবে।