ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য ৬০০ কেজি হাঁড়িভাঙা এবং আম্রপালি আম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে ৬০০ কেজি আমভর্তি একটি কাভার্ডভ্যান আগরতলা স্থলবন্দরে পৌঁছে। গতকাল বুধবার বিষয়টি জানাজানি হয়। আমগুলোর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিংয়ের কাজ করেছে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

আখাউড়া স্থলবন্দর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম পাঠানো হয়। এর বিপরীতে ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকেও উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ১২০টি কার্টনে ৬০০ কেজি হাঁড়িভাঙা ও আম্রপালি আম পাঠানো হয়।

স্থলবন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমগুলো দুই দেশের শূন্যরেখা থেকে গ্রহণ করেন ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তারা। পরে তারা আমগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে পৌঁছে দেবেন। এ ব্যাপারে জানতে চাইলে সোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য ৬০০ কেজি হাঁড়িভাঙা এবং আম্রপালি আম আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে পাঠানো হয়েছে। হাইকমিশন থেকে আমগুলো রাজ্যের বিভিন্ন দপ্তরে পাঠানোর কথা রয়েছে।’

শুভেন্দু-মমতাকে বাংলাদেশ সরকারের ‘আম উপহার’: দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নানা টানাপোড়েন থাকলেও বজায় রয়েছে সৌহার্দ্যের বার্তা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- বাংলার একাধিক বিশিষ্ট ব্যক্তির জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী আম উপহার পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

গতকাল বুধবার কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে উপহারস্বরূপ সেই আম পৌঁছে দেওয়া হয় নির্ধারিত প্রাপকদের কাছে।

এর আগে গত মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্ত কর্তাদের উপস্থিতিতে ৫০০ কেজি আম ভারতে পৌঁছায়। পরে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এই উপহারের মধ্যে রয়েছে বিখ্যাত ক্ষীরসাপাত, ল্যাংড়া এবং হাড়িভাঙা আম। উপহারের তালিকায় রয়েছেন- পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত, নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, বাণিজ্যমন্ত্রী তাপস রায়, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী কল্যাণ চক্রবর্তী এবং শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

এছাড়াও তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস, বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ বিজেপির বিদেশ বিষয়ক ও প্রবাসী বন্ধু শাখার সদস্য শিশির বাজুরিয়াসহ রাজ্যের একাধিক মন্ত্রী, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজন। বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। কারণ, এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলাদেশের পক্ষ থেকে আম উপহার পাঠানোর নজির থাকলেও বিরোধী দলের শীর্ষ নেতাদের জন্য এমন উদ্যোগ খুব একটা দেখা যায়নি। এবার রাজ্যের বর্তমান সরকার এবং বিরোধী দলের শীর্ষ নেত্রী- দুই পক্ষের কাছেই বাংলাদেশের আম পৌঁছানোকে বিশেষ বার্তা হিসেবেই দেখছেন অনেকে।