দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, কেএনএফ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর সদস্যরা রুমা ও থানচির দুর্গম এলাকায় অবস্থান করছে, এমন তথ্য পাওয়া যায়। সেখানে ২৮ জুন থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযান চলাকালে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় কেএনএফের এক সদস্যকে একটি অস্ত্রসহ আটক করা হয়। আটক ব্যক্তির নাম যৌথান বম। সে থানচি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামে লালপিয়ান বমের ছেলে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘যৌথবাহিনী থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’