পাতলা ফোল্ডিং আইফোন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের মতো ব্র্যান্ডগুলোকে টেক্কা দিতে অ্যাপল এবার তাদের নতুন ‘আইফোন আল্ট্রা’ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অ্যাপল তাদের পরবর্তী আইফোন লঞ্চ ইভেন্টের আয়োজন করতে পারে বলে শোনা যাচ্ছে।

মার্ক গারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বরের পরিবর্তে ৯ সেপ্টেম্বর ইভেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। এই ইভেন্টেই নতুন আইফোন ১৮ প্রো এবং অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে আইফোন আল্ট্রা প্রকাশ্যে আসার জোর জল্পনা চলছে। তবে আইফোন ১৮, আইফোন ১৮ ই এবং আইফোন এয়ার-এর মতো মডেলগুলোর লঞ্চ ২০২৭ সালের বসন্ত পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

আইফোন আল্ট্রা অ্যাপলের ইতিহাসে অন্যতম দামি স্মার্টফোন হতে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে এর দাম ২,০০০ মার্কিন ডলার হতে পারে। একই সঙ্গে মেমোরি ও স্টোরেজের খরচ বাড়ায় আইফোন ১৮ প্রো-এর প্রাথমিক দামও ১,৩৯৯ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই ফোনগুলোতে অ্যাপলের শক্তিশালী এ২০ চিপসেট এবং সর্বাধুনিক আইওএস ২৭ অপারেটিং সিস্টেম থাকবে। আইফোন ১৮ প্রো-এর ডিজাইনে বড় কোনো পরিবর্তন না থাকলেও ক্যামেরার ক্ষেত্রে বড় আপগ্রেড আসতে পারে। বিশেষ করে মেইন ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আলোর পরিবেশ অনুযায়ী ছবি ও ভিডিওর গুণমান আরও উন্নত করবে। ফলে ভিডিওতে আরও স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড ব্লার পাওয়া যাবে।

অন্যদিকে আইফোন আল্ট্রার সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে এর পাতলা ও নিখুঁত হিঞ্জ ডিজাইন। ফোনটি খোলার পর এর পুরুত্ব হতে পারে মাত্র ৪.৫ মিমি, যা এখন পর্যন্ত বাজারে থাকা অনেক ফোল্ডেবল ফোনের তুলনায় বেশ পাতলা। এর ডিজাইনে আড়াআড়ি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের পাশাপাশি অ্যাপলের নতুন ক্যামেরা কন্ট্রোল বাটনও থাকতে পারে। বড় ফোল্ডেবল ডিসপ্লের সুবিধাকে কাজে লাগাতে এতে নতুন স্পিøট-স্ক্রিন মাল্টিটাস্কিং ফিচার যোগ করা হতে পারে, যা ব্যবহারকারীদের একই সাথে একাধিক অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে অনেক বেশি মসৃণ করবে। তবে অ্যাপল আনুষ্ঠানিকভাবে এখনো এসব তথ্য নিশ্চিত করেনি।