জামায়াত আমিরের সঙ্গে চীনা দূতের সাক্ষাৎ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এসময় তাদের মধ্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, মিয়ানমারের মধ্য দিয়ে বাংলাদেশ পর্যন্ত প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর এবং এ দেশে চীনের বিনিয়োগ ও বিভিন্ন প্রকল্প নিয়ে ‘বিস্তারিত’ আলোচনা হয়েছে বলে জামায়াতের প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে।
দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এই সাক্ষাৎ হয়। বৈঠকে বিরোধীদলীয় নেতা রোহিঙ্গা সমস্যার আশু সমাধান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে চীন সরকারের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ‘আন্তরিক ও ফলপ্রসূ’ আলোচনা হয় বলে জামায়াতের ভাষ্য।
চীন দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিকাল অ্যাটাশে রু কি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ নিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন মীর আহমদ বিন কাসেম আরমান। তিনি লিখেছেন, ‘চীনের রাষ্ট্রদূত দেশটির প্রাচীন রাজধানী শহরের সুশোভিত একটি পেইন্টিং জামায়াতের আমিরকে উপহার দেন।’ তার ভাষ্য, ‘এই আন্তরিক সাক্ষাৎ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।’
