চোখের সুরক্ষায় ফর্মূলা
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য ডেস্ক

নিয়ম সম্পর্কে আমরা ক’জন জানি? এটি কোনো খেলার নিয়ম নয়, বরং ডিজিটাল যুগে আপনার চোখের স্বাস্থ্য ভালো রাখার একটি দারুণ কার্যকরী উপায়। ইন্টারনেটের এই যুগে এখন প্রায় সবার হাতেই মোবাইল বা ল্যাপটপ থাকে। প্রযুক্তির এই সময়ে ছোট-বড় সবাই এখন ডুবে থাকে স্ক্রিনে। তবে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখের পলক স্বাভাবিকের চেয়ে অনেক কম পড়ে। এতে চোখের পেশিগুলো সংকুচিত হয়ে যায় এবং চোখে জ্বালাপোড়া, শুষ্কতা, ঝাপসা দেখা কিংবা মাথাব্যথার মতো সমস্যা দেখা দেয়। এই সমস্যার সহজ সমাধান দিতে পারে ২০-২০-২০ নিয়ম।
কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের ডিজিটাল স্ক্রিন ব্যবহারের ফলে চোখের ওপর অতিরিক্ত যে চাপ বা ক্লান্তি তৈরি হয়, তা দূর করার একটি সহজ ও কার্যকর ব্যায়াম হলো ২০-২০-২০ রুলস। চক্ষু বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল স্ক্রিন ব্যবহারের সময় ২০ মিনিট পর পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকতে হবে। অর্থাৎ, প্রতি ২০ মিনিট টানা স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করার পর একটি ছোট্ট বিরতি নিতে হবে। সেই বিরতিতে অন্তত ২০ সেকেন্ড সময় স্ক্রিন থেকে চোখ সরিয়ে অন্তত ২০ ফুট দূরের কোনো বস্তুর বা দৃশ্যের দিকে তাকিয়ে থাকবেন। স্মার্টফোন বা ল্যাপটপে প্রতি ২০ মিনিটে চোখের বিরামের জন্য রিমাইন্ডার সেট করে রাখতে পারেন।
স্ক্রিনের দিকে তাকানো সময় ঘন ঘন পলক ফেলার অভ্যাস করতে হবে। স্ক্রিনের আলো অতিরিক্ত উজ্জ্বল কিংবা একবারেই অনুজ্জ্বল হলে তা চোখের জন্য চাপ তৈরি করে। তাই চারপাশের আলো ও স্ক্রিনের উজ্জ্বলতা ব্যাল্যান্স করতে হবে। স্ক্রিনের দিকে তাকানো সময় ঘন ঘন পলক ফেলার অভ্যেস করতে হবে। স্ক্রিন চোখের থেকে ২০-৩০ ইঞ্চি দূরে এবং দৃষ্টি লেভেলের নিচে রাখা ভালো। এটি চোখের ক্লান্তি কমায়। শুধু ২০-২০-২০ রুলস ফলো করেই বসে থাকবেন না। মাঝে মাঝে পুরো স্ক্রিন থেকে বিরতি নিন। চোখের ব্যায়াম, হালকা ম্যাসাজ বা চোখ বন্ধ করে বিশ্রাম দিন।
