আবেদপুত্র সিয়ামের দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের ‘জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ’ অর্জনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ মামলার বাদী, দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন এবং মিন্টু মিয়া নামের আরেক সাক্ষী গতকাল বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে সাক্ষ্য দেন। আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বলেন, দুইজন সাক্ষীর মধ্যে মিন্টুর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। আর জাকির হোসেনের জবানবন্দি শেষ হয়েছে। তাকে জেরার জন্য সময় চেয়েছিলেন আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১০ অগাস্ট বাদীর অবশিষ্ট জেরা এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে।

সিয়াম সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। শুনানির জন্য এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।

দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে এ মামলা করেন। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় সেখানে।

মামলার তদন্ত শেষে ওই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন জাকির হোসেন। তদন্তে সিয়ামের ‘জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার কথা বলা হয় তদন্ত প্রতিবেদনে।