হরমুজ ও লোহিত সাগর সংকটে আরও বাড়ল তেলের দাম

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টা-পাল্টি হামলার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালি দিয়ে নৌ-চলাচল সীমিত হয়ে যাওয়ার পর এখন লোহিত সাগরও সম্পূর্ণ বন্ধ হওয়ার পথে। এ দ্বিমুখী সংকটে বিশ্বব্যাপী পণ্যবাহী জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়ায় তেলের দাম বাড়ছে। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা ৫১ মিনিট নাগাদ বিশ্ববাজারে জ্বালানি তেলের মানদণ্ডের (ব্রেন্ট ক্রুড) দাম ব্যারেল প্রতি ১ ডলার ৫৩ সেন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের মূল্য দাঁড়িয়েছে ৮৫ ডলার ৭৬ সেন্ট।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ব্যারেল প্রতি ১ ডলার ৬৯ সেন্ট বা ২ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। বাজারে এখন প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেল বিক্রি হচ্ছে ৮০ ডলার ৬৪ সেন্টে।

চলতি সপ্তাহে তেলের উভয় আন্তর্জাতিক বেঞ্চমার্কে দাম প্রায় ১৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো সাপ্তাহিক মুনাফা বা বৃদ্ধির রেকর্ড গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি মার্কিন ডব্লিউটিআই তেলের দামও টানা দ্বিতীয় সপ্তাহের মতো সাপ্তাহিক মূল্যবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে।