ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী মাসে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে হাইওয়ে পুলিশ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) ফারুক আহমেদ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর উত্তরায় হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (জুন-২০২৬) পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক আহমেদ বলেন, মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ডাকাতি দমন, দুর্ঘটনা প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব পর্যায়ের কর্মকর্তাদের আরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সভার শুরুতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস-পূর্ব) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম মে-জুন ২০২৬ এবং জুন ২০২৫ সালের খাতভিত্তিক ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় মহাসড়কের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে আগামী আগস্ট মাসের কর্মপরিকল্পনায় মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সব থানা ও ফাঁড়ির অফিসার ইনচার্জরা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
