হামের উপসর্গে ও ডেঙ্গুতে আরও ছয় শিশুর মৃত্যু
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকায় হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৮২৮ জনে পৌঁছেছে। সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগের একজন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৯ শিশু; আর হামে আক্রান্ত হয়েছে ১০৫ শিশু। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে পরে হাম শনাক্ত হয় ১৫ হাজার ৬৬০ শিশুর। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৪৪১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩৩ এবং হামে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু : দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু জুলাই মাসের প্রথম ২৮ দিনেই মারা গেছেন ২৯ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৫ জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন। দুই সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ডেঙ্গু নিয়ে আরও ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে ৮৪ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ৭৫ জন করে, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮, ময়মনসিংহে ১৩ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে মোট ১৪ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯ জন।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা শুরু করে। এর মধ্যে ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জন মারা যান। পরবর্তী বছরও চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং শনাক্ত হয় লক্ষাধিক রোগী।
