বাংলাদেশের আনারস নেবে পাকিস্তান
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বাজারে বাংলাদেশ থেকে তাজা আনারস রপ্তানির আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে দেশটির সরকার। এর ফলে বাংলাদেশের কৃষিপণ্যের জন্য পাকিস্তানে নতুন একটি আন্তর্জাতিক বাজারের সুযোগ তৈরি হলো। গত শুক্রবার ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাইকমিশন জানায়, বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, উপ-হাইকমিশন, করাচি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক উদ্যোগ এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে কয়েক বছর ধরে যোগাযোগের ফলে বাংলাদেশি তাজা আনারস রপ্তানির এই সুযোগ তৈরি হয়েছে।
পাকিস্তানের বাজারে বাংলাদেশি আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। দেশটির সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের ফলে এখন বাংলাদেশ থেকে সরাসরি তাজা আনারস রপ্তানির পথ উন্মুক্ত হলো।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই বাজার বাংলাদেশের আনারস চাষি ও রপ্তানিকারকদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলবে। পাশাপাশি কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর মাধ্যমে দেশের কৃষি খাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
বাংলাদেশ হাইকমিশন আশা করছে, আনারস রপ্তানির এই সুযোগকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানিও বাড়বে। এর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সামগ্রিক দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।
