হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজন এবং হাম উপসর্গে দুইজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৬৯ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৬৭৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৩৫ হাজার ৩৩২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৯ জন, গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৪০ জন। আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৭ হাজার ৪৪৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৩ হাজার ২০০ জন।
