আনলিমিটেড চ্যাটজিপিটি চ্যাট

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

চ্যাটজিপিটির বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তবে ছবি ও ফাইল ব্যবহারে সীমা থাকছে। বর্তমানে বিনামূল্যের ও গো প্যাকেজের ব্যবহারকারীরা নির্দিষ্ট সংখ্যক মেসেজ দেওয়ার পর বাধার মুখে পড়েন। নতুন ব্যবস্থায় শুধু লেখা-ভিত্তিক কথোপকথনের ক্ষেত্রে সেই সীমা তুলে দেওয়া হবে। তবে ছবি বা ফাইল যুক্ত করে প্রশ্ন করার ক্ষেত্রে আগের মতোই ব্যবহারসীমা থাকবে। আগামী সপ্তাহে বিনামূল্যের ও গো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য ‘থিংক’ নামের নতুন একটি বোতামও চালু করা হবে। কঠিন প্রশ্নের উত্তর পেতে এ সুবিধা ব্যবহার করা যাবে। এতে চ্যাটজিপিটি তুলনামূলকভাবে বেশি যুক্তিনির্ভরভাবে উত্তর তৈরি করবে। এ ছাড়া এ সপ্তাহ থেকেই এসব ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটির মূল কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল হিসেবে জিপিটি-৫.৬ লুনা যুক্ত করা হচ্ছে।

অন্যদিকে প্লাস ও প্রো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ সল মডেলেও পরিবর্তন আনা হচ্ছে। ওপেনএআই বলছে, নতুন সংস্করণটি তথ্যের ক্ষেত্রে আরও নির্ভরযোগ্য হবে। বিশেষ করে তারিখ, সংখ্যা, উৎস, নিয়ম ও বিভিন্ন অনুমানের ওপর নির্ভর করা প্রশ্নে ভুল কমানোর জন্য মডেলটি উন্নত করা হয়েছে। নতুন সংস্করণে উত্তর আরও সরাসরি ও সংক্ষিপ্ত হবে। অপ্রয়োজনীয় তথ্যও কম দেওয়া হবে। প্লাস ও প্রো ব্যবহারকারীরা নতুন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে চ্যাটজিপিটি কোনো প্রশ্নের উত্তর দিতে কতটা সময় যুক্তি বিশ্লেষণে ব্যয় করবে সেটিও নির্ধারণ করতে পারবেন।