সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রতিবেদক প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য জানান। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এরপর সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। সিআইডিতে একটি মামলা চলমান। তারা তদন্ত করছেন।

সৌদি আরবে ওমরাহ করতে যাচ্ছিলেন ডন। বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। খবর দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। তারা এসে বিমানবন্দর থেকে ডনকে নিয়ে যায়। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান সংবাদমাধ্যমকে বলেন, গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। ওই মামলায় এবার গ্রেপ্তার হলেন অভিনেতা।

১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছিল খুন করা হয়েছে অভিনেতাকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই জানায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ। তবে তার পরিবার ও ভক্তরা তা মানতে পারেননি। পিবিআই-এর সে প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে ডন গণমাধ্যমকে বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। আমি সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।